‘কেন্দ্রীয় শহীদ মিনার টু সচিবালয় লং মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছেন বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, আজ রাতের মধ্যে প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেয়া হলে লং মার্চ ও চলমান কর্মবিরতি চলবে। পাশাপাশি শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলবে বলে জানিয়েছেন তারা।
এর আগে রোববার (১২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ৩ দাবিতে মহাসমাবেশ শুরু হয় শিক্ষকদের। এতে সারাদেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন। তাদের ছত্রভঙ্গ করতে পৌনে ২টার দিকে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের ওপর পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে।
এআইএল/
