সাংবাদিক ইলিয়াসের হেফাজত আমিরকে নিয়ে বিকৃত ছবি প্রকাশের নিন্দা ছাত্র জমিয়তের

by Abid vs36

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি সম্পাদিত (এডিটেড) ও আপত্তিকর ছবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে ওই বিতর্কিত ছবি ও বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। আজ রোববার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এই দাবি জানান।

যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসাইন হেফাজতে ইসলামের আমির ও দেশের সর্বজনশ্রদ্ধেয় মুরুব্বি আলেম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ ও অবমাননাকর একটি সম্পাদিত ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। এ ধরনের আলেমবিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের আমির হিসেবে দ্বীন ও ঈমান সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন জাতীয় সংকটে তিনি ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থে সবসময় দৃঢ় অবস্থান নিয়েছেন। এমন একজন বয়োজ্যেষ্ঠ ও সর্বজনশ্রদ্ধেয় আলেমকে নিয়ে অবমাননাকর ভাষা ও বিকৃত ছবি ব্যবহার কোনো দায়িত্বশীল আচরণের পরিচয় বহন করে না।

বিজ্ঞাপন
banner

তারা আরও উল্লেখ করেন, যে কারও সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, তবে তা শালীনতা, যুক্তি ও প্রমাণের ভিত্তিতে হওয়া উচিত। ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষপূর্ণ ভাষা ও চরিত্রহননের অপচেষ্টা দায়িত্বশীল সাংবাদিকতা কিংবা সুস্থ মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড সমাজে বিভাজন সৃষ্টি করে এবং ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধাবোধ ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র। বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ সংশ্লিষ্ট সাংবাদিকের প্রতি অবিলম্বে আপত্তিকর বক্তব্য ও ছবি প্রত্যাহার করে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জোর আহ্বান জানায়। একই সঙ্গে সংগঠনটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সংশ্লিষ্ট সবার প্রতি মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা, শালীনতা এবং জাতীয় ও ধর্মীয় ব্যক্তিত্বদের মর্যাদা রক্ষায় নৈতিক মানদণ্ড অনুসরণের তাগিদ দিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222