জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার (১২ জুলাই) বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশমুখে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা জানাজায় অংশ নেন।
জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত স্মৃতিতর্পণ অনুষ্ঠানে সরকারি দলের পক্ষে বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের পক্ষে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। উভয় নেতাই ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক ও পেশাগত জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জাতীয় সংসদের স্পিকার তাঁর বক্তব্যে বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এমন এক বিরল ব্যক্তিত্ব ও রাজনীতিবীদ ছিলেন, যাঁকে নিয়ে দল-মত নির্বিশেষে কারও মনে কোনো ক্ষোভ বা অভিযোগ ছিল না। সংসদীয় গণতন্ত্র চর্চায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
জানাজার আনুষ্ঠানিকতা শেষে প্রবীণ এই রাষ্ট্রনায়ককে সংসদ ভবন প্রাঙ্গণ সংলগ্ন কবরস্থানে পূর্ণ মর্যাদায় দাফন করার উদ্যোগ নেওয়া হয়।
এর আগে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিক। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
টিএইচএ/
