৩৬নিউজ ডেস্ক: সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি বাংলাদেশ-এর উদ্যোগে ‘সৌদি বিশ্ববিদ্যালয়সমূহের গ্রাজুয়েট ও অধ্যয়নরত শিক্ষার্থীদের সৌজন্যে প্রীতি সম্মিলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ড. মো. সাইফুল্লাহ। প্রীতি সম্মিলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা, সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে অধ্যয়নরত বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রয়্যাল সৌদি দূতাবাসের ডেপুটি এম্বাসেডর খালিদ সাঈদ আলে হাদাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামছুল আলম। অনুষ্ঠানে বক্তারা সৌদি আরবে অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে তাদের ভূমিকা আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি এম্বাসেডর খালিদ সাঈদ আলে হাদাল বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে সৌদি সরকার প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচ শতাধিক উচ্চশিক্ষাবৃত্তির সুযোগ প্রদান করে থাকে। তিনি আশা প্রকাশ করেন, সৌদি আরবে উচ্চশিক্ষা অর্জনকারী শিক্ষার্থীরা দেশে ফিরে ইসলামের সঠিক ও ভারসাম্যপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন ও মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সৌদি আরব বিশ্বাস করে যে মানুষ গঠনই প্রকৃত উন্নয়নের ভিত্তি উল্লেখ করে তিনি ভবিষ্যতেও দুদেশের মধ্যকার এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
টিএইচএ/
