৩৬নিউজ ডেস্ক: ইয়েমেনের বিমানবন্দরে সৌদি আরবের অব্যাহত সামরিক হামলার জবাবে লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে হুথি-সমর্থিত সশস্ত্র বাহিনী। তাদের দাবি, পরিস্থিতির আরও অবনতি ঘটলে শুধু বাব আল-মান্দেব নয়, হরমুজ প্রণালিও বন্ধ করে দেওয়া হতে পারে। এমন পদক্ষেপ বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে।
হুথি আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ সোমবার দেওয়া এক সতর্কবার্তায় জানান, সৌদি আরবের সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছে যেতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি নতুন সংকটের মুখে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ইয়েমেনের বিরুদ্ধে যেকোনো নতুন আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে সানা। প্রয়োজনে সৌদি আরবের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হবে।
এদিকে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে এর জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবকে দায়ী করেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার পর বেসামরিক অবকাঠামো ও বিমানবন্দরে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করা হচ্ছে।
অন্যদিকে আনসারুল্লাহ আন্দোলনের নেতা আলী আল-কাহুম বলেছেন, ইয়েমেনের ওপর দীর্ঘ ১১ বছর ধরে চলা অবরোধ ভাঙার লড়াই অব্যাহত থাকবে। তিনি সৌদি আরবকে সতর্ক করে বলেন, উসকানিমূলক পদক্ষেপের পরিণতি তাদেরই বহন করতে হবে। উল্লেখ্য, বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই দুটি নৌপথে কোনো ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক তেল সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে।
টিএইচএ/
