ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীরা তাদের এক জরুরি বৈঠক শেষে ঘোষণা দিয়েছেন যে, তারা জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার জন্য কাজ করবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে মেহের নিউজ।
ওআইসি-এর ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল… ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে আরও যাচাই করতে আহ্বান জানাচ্ছে যে, ইসরায়েলের সদস্যপদ জাতিসংঘের সনদের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, কারণ ইসরায়েল সদস্যপদের শর্তাবলী সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে এবং ধারাবাহিকভাবে জাতিসংঘের প্রস্তাবনা উপেক্ষা করছে। একই সঙ্গে, জাতিসংঘের সদস্যপদ থেকে ইসরায়েলকে স্থগিত করার জন্য সমন্বিত প্রচেষ্টা চালানো হবে।’
ওআইসি ইসরায়েলের শান্তি উদ্যোগ প্রত্যাখ্যান এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোরও নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল… আগ্রাসন শুরুর প্রায় দুই বছর পরও মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির প্রচেষ্টা উপেক্ষা করার জন্য ইসরায়েলের একগুঁয়েমির তীব্র নিন্দা জানাচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘চলমান যুদ্ধ, জিম্মি ও বন্দিদের ক্রমাগত আটক রাখা এবং বেসামরিক নাগরিকদের মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার জন্য ইসরায়েল সম্পূর্ণভাবে দায়ী।’
এনআর/
