বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা হম্বিতম্বি করেন, কর্তৃত্ববাদের ভয় দেখান এবং নিজেদের নিরঙ্কুশ ভাবেন, তাদের মনে রাখতে হবে নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র মহান আল্লাহর। এই দেশের জনগণই প্রকৃত ক্ষমতার মালিক। তাই জনগণের বিপক্ষে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মুক্তমঞ্চে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্র দেশ-বিদেশ থেকে যতই হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তা প্রতিহত করবে। আগামী দিনে জনগণের ভোটে তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ।
নেতাকর্মীদের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি করে গর্বিত হতে হবে। কারণ বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠাকারী দল, এটি অতীতমুখী নয়, ভবিষ্যতমুখী দল। বিএনপি দেশপ্রেমিকদের দল, মুক্তিযোদ্ধাদের দল এবং জনগণের পাশে থাকার দল।
তিনি আরো বলেন, অন্য একটি দল অতীতে জনগণের অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, আত্মসমর্পণ করেছে এবং দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে।
এআইএল/
