প্রতিযোগিতার শেষ কোথায় । লাবীব আবদুল্লাহ

by naymurbd1999@gmail.com

“হাত্তা যুরতুমুল মাকাবির”। আজকের পৃথিবী এক নিরন্তর প্রতিযোগিতার ময়দান। এই প্রতিযোগিতা শুধু সম্মানের নয় এটি সম্পদের, ক্ষমতার, এমনকি প্রতারণারও প্রতিযোগিতা। কে কাকে পিছনে ফেলবে? কে কত বড় ভবন বানাবে? কে ১০ তলা, ১৪ তলা অট্টালিকায় উঠবে?

মানুষ আজ এগুলোকেই সফলতা মনে করছে। অথচ পাশেই কেউ গাছতলায় বসবাস করে তার প্রতি নেই মায়া, নেই সহমর্মিতা। মানুষ আজ মানুষের কষ্ট অনুভব করার ক্ষমতাও হারিয়ে ফেলছে।

বিজ্ঞাপন
banner

বিদেশে যাওয়ার প্রতিযোগিতা, অর্থ উপার্জনের প্রতিযোগিতা, এমনকি দুর্নীতির প্রতিযোগিতা কে কত বেশি অসৎ পথে এগিয়ে যেতে পারে!

সমাজে আজ এক অদ্ভুত বাস্তবতা অর্থ থাকলেই সম্মান, ক্ষমতা থাকলেই মর্যাদা। আর যারা জ্ঞানচর্চা করে, সততার পথে চলে, তারাই যেন অবহেলিত। যাদের অন্তর নির্মল, যারা অসততার পথে হাঁটে না তারাই অনেক সময় সমাজে পিছিয়ে পড়ে।
কিন্তু এই প্রতিযোগিতা চলবে কতদিন?

কুরআন আমাদের জানিয়ে দেয় এই দৌড় থামবে তখনই, যখন মৃত্যুর ডাক আসবে, যখন মানুষ সাদা কাফনে জড়িয়ে কবরের পথে যাত্রা করবে। সেই মুহূর্তে ক্ষমতা থাকবে না, অর্থ থাকবে না, পদ-পদবি থাকবে না। শুধু থাকবে আমল, আর থাকবে জবাবদিহি।

ইতিহাসে কারুন সম্পদের পাহাড় গড়েছিল, কিন্তু তার পরিণতি আমাদের জন্য বড় শিক্ষা। আজও সমাজে সেই একই মানসিকতা আরও বেশি সম্পদ, আরও বেশি সঞ্চয়। কিন্তু মানুষ ভুলে যায় এই প্রতিযোগিতার শেষ কবর।

আমরা বসবাস করছি অসৎ প্রতিযোগিতার যুগে। অথচ কুরআন আমাদের আহ্বান জানায় ভিন্ন এক প্রতিযোগিতার দিকে সৎকর্মের প্রতিযোগিতা, নৈতিকতার প্রতিযোগিতা, মানবতার প্রতিযোগিতা।

যে মানুষ অল্পে তুষ্ট থাকতে পারে, সেও প্রকৃত শান্তি লাভ করে তার অন্তরে প্রশান্তির পায়রা উড়ে। আধ্যাত্মিকতার পথিক সেই ব্যক্তি, যে নিজেকে দুর্নীতি ও হিংসা থেকে দূরে রাখে, যে আল্লাহর দেওয়া নিয়ামতে সন্তুষ্ট থাকে, যে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করে।
কুরআন তিলাওয়াত, জিকির এবং নবীজি ﷺ-এর সুন্নাহ অনুসরণ এসবই অন্তরের প্রশান্তির পথ।

আমরা সম্পদ ও প্রাচুর্য প্রতিযোগিতা না করে বরং প্রতিযোগিতা করি সৎকর্মে। আমরা না দৌড়াই মানুষের প্রশংসার জন্য, বরং দৌড়াই আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জীবনের প্রতিযোগিতা থামবেই একদিন, আর সেই শেষ গন্তব্য কবর।

কুরআনের ভাষায়, “হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে। যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও।”
লেখক : পরিচালক, সেন্টার ফর স্পিরিচুয়াল স্টাডিজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222