রাজধানীর গুলিস্তান গোলাপশাহ চত্বর থেকে নগর ভবন ও পুলিশ হেডকোয়ার্টার্সের সামনের সড়কটির পূর্বের নাম ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’ পুনর্বহাল করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬ ঈ.) সকাল ১০টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে সড়কটির নামফলক উদ্বোধন করেন।
এ উপলক্ষে জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া এক বিবৃতিতে বলেন, দেশের প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.)-এর নাম পুনর্বহাল একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
তিনি আরও বলেন, হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন কুরআনিক শিক্ষা, ইসলামী রাজনীতি, সমাজ সংস্কার ও দ্বীনি দাওয়াতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এমন ব্যক্তিত্বের নামে সড়কের নামকরণ নতুন প্রজন্মকে ইতিহাস ও আদর্শ সম্পর্কে সচেতন করবে।
জাতীয় ইমাম পরিষদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, ভবিষ্যতেও সরকার দেশের বরেণ্য আলেম ও মনীষীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করবে এবং তাঁদের স্মৃতি সংরক্ষণে আরও কার্যকর উদ্যোগ নিবে ইনশাআল্লাহ।
হাআমা/
