এশিয়া কাপ নিয়ে ভুল ধারণায় ছিলেন আফগানিস্তান দলের কোচ জনাথন ট্রট। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ এই টুর্নামেন্ট কয়েকবার জিতেছে।’ তবে সাংবাদিকদের প্রশ্নে ভুলটা দ্রুতই ধরা পড়ে ইংলিশ এই কোচের।
ট্রট বলেন, ‘আমি এশিয়া কাপের কথা বলছি… ক্ষমা করবেন। তারা ফাইনালিস্ট। দুঃখিত, আমি নিশ্চিত তারা চ্যাম্পিয়ন হয়েছে।’ পরে ভুল ভাঙতেই খানিকটা অবাক হন তিনি, ‘আমি ভেবেছিলাম বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে।’
ভুল তথ্য দিলেও বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না আফগান কোচ। বরং লিটন-তাসকিনদের নিয়ে তাঁর বক্তব্যে ফুটে উঠেছে গভীর শ্রদ্ধাবোধ। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ট্রট বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ দলে সবসময়ই ম্যাচ উইনার আছে। তাই ম্যাচটি আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।’
সংযুক্ত আরব আমিরাতের গরম আবহাওয়ার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমি আসলে বিরতি পেয়ে বেশ খুশি। এতে করে আমরা মানসিক ও শারীরিকভাবে আরও সতেজ হয়েছি। এটা আমাদের নিজেদের পর্যালোচনা করার ভালো সুযোগ। কারণ, পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়টা খুবই গুরুত্বপূর্ণ।’
চলমান এশিয়া কাপে আফগানিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। হংকংয়ের বিপক্ষে সহজ জয়ে টুর্নামেন্ট শুরু করে তারা। উল্টো দিকে, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারে লিটন দাসের দল।
ফলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে উঠেছে। ট্রটের মতে, চাপ থাকবে বাংলাদেশের দিকে।
এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলে এসেছে আফগানিস্তান। প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী ট্রট জানান, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচে জেতাটা আমাদের জন্য ভালো ছিল। প্রথম ম্যাচের আগে আমরা কিছুটা বিরতি পেয়েছি, কিন্তু তার আগেই আমরা ১২ দিনে ৬টি ম্যাচ খেলেছি। সেই হিসেবে এখনকার এই বিরতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সতেজ থাকার জন্য।’
সব মিলিয়ে ম্যাচের আগে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকলেও বাংলাদেশের অভিজ্ঞতা এবং ম্যাচ উইনারদের সামর্থ্য সম্পর্কে সচেতন ট্রট, তাই ম্যাচটি যে হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।
টিএইচএ/
বাংলাদেশ এশিয়া কাপ জেতেনি, গুগল করে জানলেন আফগান কোচ
91