মদ্যপ অবস্থায় ৩ স্কুল পড়ুয়া মুসলিম শিক্ষার্থীর উপর গাড়ি চালিয়ে দেন পুলিশকর্মী ৷ এরপর গাড়ি ফেলে পালানোর চেষ্টা করেন ৷ সেই সময় স্থানীয়রা তাকে ধরে ফেলেন ৷
স্কুল থেকে ফিরছিল ৩ শিশু ৷ সেই সময় তাদের উপর গাড়ি চালিয়ে দিলেন এক পুলিশকর্মী ৷ ঘটনাস্থলেই ২ পড়ুয়ার মৃত্যু ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একজন ৷ ভয়াবহ ঘটনাটি ঘটেছে হরিয়ানার পালওয়ালে ৷
মৃত শিশুদের বাবা শাহাবুদ্দিন জানান, স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ৩ ভাই- অয়ন (৫), আহসান (৭) এবং অর্জন (৯) ৷ তারা নুরিয়া মহল্লার বাসিন্দা ৷ উতাওয়াদের বেসরকারি স্কুল গরিবা পাবলিক স্কুলে পড়াশোনা করত ৷
তিনি আরও জানান, অয়ন ও আহসান পঞ্চম শ্রেণিতে পড়ত। ছুটির পর তারা স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটি পুলিশের গাড়ি দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই অয়ন ও আহসানের মৃত্যু হয় ৷ অর্জনের অবস্থা আশঙ্কাজনক।
এরপর ময়নাতদন্তের জন্য মৃত দুই শিশুর লাশ নলহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ সেই সঙ্গে আহত অর্জনকে রোহতক পিজিআই হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷
ভয়াবহ দুর্ঘটনার পর ঘটনাস্থলে গাড়ি রেখে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত পুলিশকর্মী পালানোর চেষ্টা করেন ৷ কিন্তু বিক্ষুব্ধ স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলেন ৷ এরপর স্থানীয় থানায় খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে অভিযুক্তকে আটক করে ৷
শাহাবুদ্দিন জানান, অভিযুক্ত পুলিশকর্মীর নাম নরেশ কুমার ৷ তিনি হরিয়ানা পুলিশের হেড কনস্টেবল ৷ শিশুদের বাবার অভিযোগ, মদ্যপ অবস্থায় একটি নতুন গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত পুলিশকর্মী ৷ দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে ধরে ফেলায় তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি ৷ নিজের দোষ অস্বীকার করেন ৷ বারবার পুলিশের ভয় দেখাচ্ছিলেন বলেও অভিযোগ করেন শাহাবুদ্দিন ৷ শেষমেষ স্থানীয় থানার পুলিশকর্মীরা এসে তাকে আটক করেন ৷
সূত্র: ইটিভি ভারত-বাংলা।
এআইএল/
