নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরের দিগদাইর-আরামবাগ জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসায় রাশিদিয়া ছাত্র কাফেলার উদ্যোগে তিন দিনব্যাপী সীরাত ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় ইবতেদায়ি, মিজান, নাহবেমীর, হেদায়াতুন্নাহু, কাফিয়া শরহেজামী, শরহে বিকায়া ও জালালাইন বিভাগ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কিতাব বিভাগ থেকে ১৪৭ জন, হিফজ বিভাগ থেকে ২৩০ জন, নাজেরা ৭০ জন, মক্তব ৬০ জন, শিক্ষক ১৯ জন এবং দুইজন বাবুর্চি প্রতিযোগিতায় অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি শফিকুল ইসলাম রহমানি। বিচারকের দায়িত্বে ছিলেন মুফতি আহমাদ কবির খান ও মুফতি রেজাউল করীম।
সীরাত প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। ফাইনাল পর্বের বিষয় ছিল— “স্বৈরাচার রুখতে পিআর পদ্ধতিতে ভোট”। এতে হেদায়াতুন্নাহু বিভাগ পক্ষে এবং মিজান বিভাগ বিপক্ষে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী হয় হেদায়াতুন্নাহু বিভাগ। সেরা বিতার্কিক নির্বাচিত হন মুহাম্মদ মুরসালিন আহমদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়া সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক মামুনুর রশিদ, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাউদ্দিন সালামসহ আরও অনেকে। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
রাশিদিয়া ছাত্র কাফেলার চলতি শিক্ষাবর্ষের আমির মো. আমীর হামযা বলেন, ‘আমরা প্রতি বছরই এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন করি, যাতে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এ ধরনের প্রতিযোগিতা প্রত্যেকটি মাদ্রাসায় আয়োজন করা প্রয়োজন বলে আমি মনে করি।’
হাআমা/
