প্রথম টি-টোয়েন্টি অর্ধশতকে ‘গুলি ছোড়ার’ অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনায় পাত্তা দিচ্ছেন না ফারহান, বললেন—ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হতে চায় পাকিস্তান। ভারতের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতক পূর্ণ করে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলার পাশাপাশি অনন্য উদযাপনের মাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন পাকিস্তানি ওপেনার সাহেবজাদা ফারহান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপন ঘিরে নানা আলোচনা-সমালোচনার দিকে একদমই ভ্রুক্ষেপ নেই এই ডানহাতি ব্যাটারের।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে অর্ধশতক পূর্ণ করার পর ফারহান ব্যাট দিয়ে ‘গুলি ছুড়ছেন’ এমন অঙ্গভঙ্গি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদযাপন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও ফারহান জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে একদমই ভাবেন না। সংবাদ সম্মেলনে ফারহান বলেন:
আমি সাধারণত অর্ধশতক উদযাপন করি না, তবে এবার মাথায় একটি নতুন আইডিয়া এসেছিল। তাই সেটাই করলাম। এটা কেবল নিজের অনুভূতির একটি প্রকাশ। মানুষ কে কী ভাবছে, তা নিয়ে আমার মাথাব্যথা নেই।
১০তম ওভারে অক্ষর প্যাটেলের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন ফারহান। তার ৪৪ বলে ৬১ রানের ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কা। ভারতের বিপক্ষে শুরুতেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলেন তিনি, যা পাকিস্তানের ইনিংসে গতি এনে দেয়।
“প্রতিপক্ষ ভারত হলেও আমি সবসময় আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই,”—ফারহান।
শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচকে “কর অথবা মর” ম্যাচ বলে আখ্যায়িত করেছেন ফারহান। তিনি বলেন, পাকিস্তান দল পুরোপুরি প্রস্তুত এবং ভারতের বিপক্ষে ফাইনালে খেলার জন্য মুখিয়ে আছে। “পুরো দলই চায় ফাইনালে ভারতের সঙ্গে আবার লড়তে। সবার লক্ষ্য একটাই—জয়।” ফারহান বলেন, ওপেনিংয়ে পরিবর্তন এবং সাইম আইয়ুবসহ ব্যাটারদের নতুন সুযোগ আত্মবিশ্বাস বাড়িয়েছে। “আমরা পাওয়ারপ্লেতে ভালো শুরু পেয়েছি, উইকেট হারাইনি এবং প্রথম ৯ ওভারে স্বাধীনভাবে রান করেছি। মাঝের ওভারে রান কিছুটা কমেছে, তবে সে জায়গাগুলোতে আমরা উন্নতি করার চেষ্টা করছি।”
সাহেবজাদা ফারহানের ব্যাটিং যেমন আগ্রাসী, উদযাপনও তেমন সাহসী। সমালোচনায় কান না দিয়ে নিজের খেলায় মনোযোগী থাকতে চান তিনি। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে বড় লড়াই—তবে চোখ তার ভারতের বিপক্ষে আরেকটি ফাইনালে। এই পাকিস্তানি ওপেনারের ছন্দ ও মনোভাব—দুই-ই দলের জন্য আশাবাদের নাম।
টিএইচএ/
