জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে মহেশপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

by hsnalmahmud@gmail.com

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পি.আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার জোর দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

বিকাল ৫টায় মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কলেজ বাস স্ট্যান্ড মোড় হয়ে পুনরায় মসজিদ প্রাঙ্গণ সংলগ্ন পুরাতন চৌগাছা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল-সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক এবং পরিচালনা করেন সেক্রেটারি মাস্টার আশরাফুল ইসলাম।

কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি

১. জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন
২. নির্বাচনে পিআর পদ্ধতির প্রবর্তন
৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ
৪. গণহত্যার বিচার দৃশ্যমান করা
৫. ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার বিশেষ ট্রাইব্যুনালে সম্পন্ন করে বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সরোয়ার হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার দৌরাত্ম্য থাকে না, ভোট ডাকাতি, সহিংসতা ও অরাজকতা থেকে মুক্তি মেলে। এতে নিবন্ধিত প্রতিটি দলের ভোটের আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। ফলে গণমানুষের দাবিগুলো সংসদেই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হবে।

নেতারা আরও বলেন, বিশ্বের ৯১টিরও বেশি দেশে পিআর পদ্ধতি অনুসৃত হচ্ছে। বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেনসহ অনেক দেশ এই পদ্ধতিতে সুফল ভোগ করছে। বাংলাদেশেও এ পদ্ধতি চালু হলে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার অবসান ঘটবে এবং বিনিয়োগ-বান্ধব পরিবেশ গড়ে উঠবে।

উপজেলা সেক্রেটারি মাস্টার আশরাফুল ইসলাম বলেন, “দেশকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের ভার থেকে রক্ষা এবং সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের লক্ষ্য। পুরনো বন্দোবস্তে নির্বাচন করে কোনো লাভ নেই। পিআর পদ্ধতির দাবি এখন জনগণের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে।”

এ সময় উপজেলা শাখার সহ-সভাপতি আলী আহমাদ মাস্টার, মাওলানা রবিউল ইসলাম, মুফতী আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক মুফতী ইবরাহীম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সহযোগী সংগঠনের মধ্যে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল আলিম মাযহারী, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ, শ্রমিক আন্দোলনের সভাপতি মিজানুর রহমান, পৌর সভাপতি মাওলানা আব্দুস সালামসহ পৌর ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি জানানো হয় এবং দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222