ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের র্যালিতে পদদলিত হয়ে শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর এনডিটিভি।
কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম জানান, জনসভাস্থলে আহত প্রায় ৫০০ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে আনার প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়ের আগমনে বিলম্ব হওয়ায় মানুষ ছয় ঘণ্টার বেশি সময় ধরে ভিড় করে দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি বক্তব্য শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ কয়েকজন অচেতন হয়ে পড়লে বিজয় তার বক্তব্য বন্ধ করেন এবং প্রচারণার বাস থেকে ভিড়ের দিকে পানি ছুড়ে দেন। আহতদের সহায়তার জন্য তিনি পুলিশের কাছে আহ্বান জানান।
ভিড় এতটাই তীব্র ছিল যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। খবর পেয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন প্রশাসনকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন। স্বাস্থ্য মন্ত্রীও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
ঘটনার পর বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে, এবং তাকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
হাআমা/
