পেরুর রাজধানী লিমায় সরকারবিরোধী বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি প্রজন্মের বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছে এবং কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল বের করেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে জানা গেছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতের বিক্ষোভে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পাথর ছোড়ে এবং পেট্রোল বোমা হামলা চালায়। এতে পুলিশ সদস্য ও এক সাংবাদিকসহ অন্তত ১৯ জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও রাবার বুলেট ব্যবহার করে। এ ঘটনায় লিমার বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রসঙ্গত, পেরুতে ২০ সেপ্টেম্বর থেকে দুর্নীতি, ক্রমবর্ধমান অপরাধ ও নতুন পেনশন আইন বাতিলের দাবিতে জেন জি প্রজন্ম ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
