জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যার বিচার দ্রুত সম্পন্ন ও খুনিদের ফাঁসির দাবিতে আদালতপাড়ায় বিক্ষোভ করেছে ছাত্রদলের জবি শাখা।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতপাড়ায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করে জবি ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘জোবায়েদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’—এমন নানা স্লোগান দিতে দিতে আদালতপাড়া ঘুরে তারা বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ শেষে ছাত্রদল নেতা মেহেদী হাসান হিমেল বলেন, ‘জোবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ আর এমন নৃশংস কাজের সাহস না পায়।’
গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বংশাল থানার ৩১ নম্বর ওয়ার্ডের নুর বক্স লেনের ‘রৌশান ভিলা’ নামের একটি ভবনের সিঁড়িঘরে ছুরিকাঘাতে নিহত হন জোবায়েদ হোসাইন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাহির রহমান (১৯), বার্জিস শাবনাম বর্ষা (১৯) ও ফারদীন আহম্মেদ আয়লান (২০)।
এআইএল/
