৩৬ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী এলাকায় ট্রাক উল্টে ১৫ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
সোমবার (২৫ মে) এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।
বিবৃতিতে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে মানুষের আনন্দযাত্রা এভাবে হঠাৎ শোকের মাতমে পরিণত হওয়া অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। তাঁরা সড়ক দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তাঁরা।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রতিবছর ঈদযাত্রায় এমন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পরিবহন মালিক ও শ্রমিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মহাসড়কে অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং চালকদের বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা। এ ছাড়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দেশবাসীর প্রতি নিরাপদ যানবাহনে চলাচল করার, ট্রাক বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ যান এড়িয়ে চলার এবং ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। জমিয়ত নেতৃবৃন্দ নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান তাঁরা।
টিএইচএ/
