২ হাজার ৩৯৭ কোটি টাকার রেকর্ড মুনাফা অর্জন করেছে স্কয়ার ফার্মা

by amirulislamluqman20@gmail.com

শেয়ারধারীদের রেকর্ড লভ্যাংশ দেবে দেশের শীর্ষস্থানীয় কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা স্কয়ার ফার্মা। কোম্পানিটি গত অর্থবছরের জন্য লভ্যাংশ হিসেবে শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে ১ হাজার ৬৪ কোটি টাকা। প্রতি শেয়ারের বিপরীতে কোম্পানিটি ১২০ শতাংশ বা ১২ টাকা করে লভ্যাংশ দেবে। গত বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, স্কয়ার ফার্মা গত জুনে সমাপ্ত অর্থবছরে সম্মিলিতভাবে ২ হাজার ৩৯৭ কোটি টাকা মুনাফা করেছে। এই মুনাফা থেকে শেয়ারধারীদের মধ্যে কোম্পানিটি বিতরণ করবে ১ হাজার ৬৪ কোটি টাকা।

বিজ্ঞাপন
banner

কোম্পানি সংশ্লিষ্টরা বলছেন, স্কয়ার ফার্মা তাদের ব্যবসার ইতিহাসে গত অর্থবছরেই রেকর্ড মুনাফা করেছে। কোম্পানিটি শেয়ারবাজারে ১৯৯৫ সালে তালিকাভুক্তির পর গত অর্থবছরে রেকর্ড মুনাফার পাশাপাশি শেয়ারধারীদের জন্য রেকর্ড লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ২০২৩–২৪ অর্থবছরে কোম্পানিটি শেয়ারধারীদের ১১০ শতাংশ হারে বা শেয়ারপ্রতি ১১ টাকা লভ্যাংশ দিয়েছিল।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২০২৩–২৪ অর্থবছরে স্কয়ার ফার্মার সম্মিলিত মুনাফা ছিল ২ হাজার ৯২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সেই মুনাফা ৩০৫ কোটি টাকা বা সাড়ে ১৪ শতাংশ বেড়েছে। আর লভ্যাংশ বাবদ বিতরণ করা অর্থের পরিমাণ বেড়েছে ৮৯ কোটি টাকা। ২০২৩–২৪ অর্থবছরে কোম্পানিটি লভ্যাংশ বাবদ শেয়ারধারীদের মধ্যে বিতরণ করেছিল ৯৭৫ কোটি টাকা। চলতি বছর প্রথমবারের মতো তা হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

গত অর্থবছরে স্কয়ার ফার্মা ও তার সহযোগী কোম্পানিগুলো মিলে সম্মিলিতভাবে ৭ হাজার ৬২৯ কোটি টাকার ব্যবসা করেছে। তার আগের বছর যার পরিমাণ ছিল ৭ হাজার ১০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ৬১৯ কোটি টাকার।

কোম্পানি–সংশ্লিষ্ট সূত্র জানায়, গত অর্থবছরে কোম্পানিটির মুনাফা বৃদ্ধির পেছনে ব্যবসার প্রবৃদ্ধির পাশাপাশি বড় ভূমিকা রেখেছে বিনিয়োগ থেকে পাওয়া মুনাফা। গত অর্থবছরে শেয়ারবাজার ও আর্থিক খাতে অর্থ বিনিয়োগ করে ভালো মুনাফা করেছে কোম্পানিটি। এই খাত থেকে স্কয়ার ফার্মা মুনাফা করেছে ৬২১ কোটি টাকা। আগের বছরে এই খাত থেকে কোম্পানিটি মুনাফা করেছিল ৪৬৫ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারবাজার ও আর্থিক খাতে বিনিয়োগ করা অর্থের বিপরীতে স্কয়ার ফার্মার মুনাফা ১৫৬ কোটি টাকা বা সাড়ে ৩৩ শতাংশ বেড়েছে। বিনিয়োগ থেকে ভালো মুনাফা করায় সার্বিকভাবে কোম্পানিটির মুনাফায় নতুন রেকর্ড হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222