কোটি কোটি টাকা ক্ষতির জন্য আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা দায়ের করেছেন শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম।
সোমবার (২৭ অক্টোবর) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটসে সালিশি আবেদন দাখিল করা হয়।
আবেদনে বলা হয়, অবৈধভাবে বিদেশে পাচার করা সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশের বর্তমান সরকারের প্রচেষ্টার কারণে তার পরিবারের ব্যবসায় ‘শত শত মিলিয়ন’ ডলার ক্ষতি হয়েছে।
আবেদনে এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবার যুক্তি দিয়েছে, তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ‘সম্পদ জব্দ, বাজেয়াপ্ত এবং মূল্য ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এই মামলা ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে দেশ থেকে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত আনার ক্ষেত্রে একটি বড় ধাক্কা হবে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার নেতৃত্বদানকারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর অভিযোগ করেছেন, এস আলম পরিবার দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে প্রায় ১২ বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে।
তবে এস আলম বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অভিযোগের কোনো সত্যতা নেই।
এর আগে এস আলম পরিবারের পক্ষের আইনজীবীরা গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে দিয়েছিলেন যে, যদি ছয় মাসের মধ্যে এই সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হয়, তবে তারা সালিশি মামলা দায়ের করবেন।
সূত্র: ফিনান্সিয়াল টাইমস।
এআইএল/
