ব্রাহ্মণবাড়িয়ার একটি মাদরাসায় আগুনে ৭ শিক্ষার্থীসহ ৮ জন দগ্ধ হয়েছেন।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌর এলাকার ভাদুঘরের দারুন নাজাত মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় ঘরের জানালা দিয়ে স্টিলের পাইপের সহযোগিতায় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মাদরাসার আয়া। এ সময় আগুনের সূত্রপাত হয়।
আগুনের ফুলকি ঘরের ভেতরে প্রবেশ করলে শিক্ষার্থীরা অগ্নিদগ্ধ হন। দগ্ধ ৮ জনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৬ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা হলো, নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার আবু সাঈদের মেয়ে সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), ভাদুঘর গ্রামের এলাকার কবির হোসেনের মেয়ে নুসরাত (১১), একই এলাকার কাবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৮), কসবা উপজেলার শিমরাইল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে তাইসান (৫), মাদরাসার আয়ার দায়িত্বে থাকা ভাদুঘর এলাকার তোফাজ্জল হোসেনের স্ত্রী আলেয়া (২২) এবং আয়ান (৬)। প্রথমে তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
তাদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।
নাজাত মহিলা মাদরাসার শিক্ষক মো: আব্দুল্লাহ জানান, মাদরাসার ৪তলা থেকে পড়ে যাওয়া কাপড় বিদ্যুতের তারের ওপর ঝুলছিল। সেখানের দায়িত্বরত আয়া আলেয়া কাপড়টি জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করেন। এ সময় পাইপটি কাপড়ে লাগার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং আগুনের সূত্রপাত হয়।
এআইএল/
