ফেসবুকে তার ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামি। সোমবার (৩ নভেম্বর) শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন তিনি। মামলার সময় ডাকসুর কয়েকজন নেতা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “শেহরীন আমিন ভূইয়া ম্যাম তার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছেন। আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে আমি মামলার পুরো প্রক্রিয়ায় সহায়তা করেছি।”
তিনি আরও জানান, মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। “যারা পোস্ট করেছেন, অশালীন মন্তব্য করেছেন বা শেয়ার করেছেন—এবং ভবিষ্যতেও যদি কেউ এমন কাজ করেন, সবাইকে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ,”—লিখেছেন জাকারিয়া।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর নিশ্চিত করেছেন, মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন—সাংবাদিক ও এক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও এক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং আশফাক হোসাইন ইভান।
এজাহারে আসামিদের ফেসবুক আইডি ও সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কিছু ব্যক্তি তাদের বিভিন্ন আইডি থেকে বিকৃত ছবি প্রকাশ ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন বলেও অভিযোগ করেছেন মোনামি।
তিনি বলেন, “ক্রমাগতভাবে আমার ছবি বিকৃত করে অশালীনভাবে পোস্ট করা এবং আমাকে নিয়ে মানহানিকর মন্তব্য করার কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা করেই এজাহার দাখিল করেছি। আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।”
হাআমা/
