এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্ভর ভারত এবং ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে গত ৩০ অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরু হয়। গতকাল শুক্রবার দলের সঙ্গে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংস থেকে ডাক পাওয়া ১০ ফুটবলার। তাঁদের নিয়ে কোচ হাভিয়ের কাবরেরার ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড পূর্ণ হলো।
গত এক সপ্তাহ ১৫ ফুটবলার নিয়ে চলেছে ক্যাম্প। আজ বসুন্ধরা কিংস অ্যারেনার প্রাকটিস গ্রাউন্ডে ফর্টিস এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেছে জাতীয় দল। যেখানে ১-০ গোলে হেরেছেন জামাল ভুঁইয়ারা।
খেলা শেষে দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘আজকের অনুশীলন ম্যাচটি ভালো ও শক্তিশালী চ্যালেঞ্জ ছিল। ফর্টিস খুবই ভালো খেলেছে। নেপাল ও ভারতের বিপক্ষে যে পরিকল্পনা আছে আমাদের, তা কিছুটা বাজিয়ে দেখাই মূল লক্ষ্য ছিল। ম্যাচ থেকে ইতিবাচক কিছু বিষয় পেয়েছি।’
পল্টনের জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ চলায় ১২ নভেম্বর পর্যন্ত বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে জাতীয় দলের অনুশীলন। কাবরেরা বলেন, ‘দলের বাকি খেলোয়াড়েরা আগামীকাল বিশ্রাম পাবে। কিন্তু কিংসের খেলোয়াড়েরা হোটেলে জিম সেশন করবে।’
দলের সঙ্গে হামজা চৌধুরীর যোগ দেবেন ১০ নভেম্বর। নেপাল ম্যাচের আগেই আসার কথা রয়েছে শমিত সোমের।
