বিকেএসপিতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘যুবদের আত্নরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
রবিবার (৯ নভেম্বর) তিনি এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণ সমাজ সবসময়ই দেশের প্রতিটি সংকট ও পরিবর্তনের কেন্দ্রবিন্দু। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থান-প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে তরুণরাই ছিলেন অগ্রভাগে। দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলে তরুণরাই প্রথমে ছুটে গেছেন মানুষের পাশে। তিনি বলেন, একটি জাতির সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। একারণেই সরকার তরুণদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কিছু মহল থেকে এই প্রশিক্ষণের বিষয়ে নেতিবাচক কথা শোনা যায়, কিন্তু এই প্রশিক্ষণ সম্পূর্ণই একটি নাগরিক সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি, যার উদ্দেশ্য হলো আত্মরক্ষা, মানবিকতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলা।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বিকেএসপি’র মাধ্যমে সারাদেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৮ হাজার ৮৫০ জন যুবক ও যুবতীকে ১১৪ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও মৌলিক শ্যুটিং বিষয়ে।
উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিকেএসপির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এআইএল/
