মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)
খুলনার রূপসা ঘাটের পূর্ব পাড়ে ট্রলার থেকে পড়ে দুই যাত্রী নিখোঁজ হয়েছে। রোববার রাত সোয়া ১১ টার দিকে এ দুর্ঘটনা হয়। তাদের উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ, বাংলাদেশ নৌ বাহিনী ও কোস্ট গার্ড।
নিখোঁজ পুরুষ যাত্রী রূপসা এলাকার বাসিন্দা নগরীর একটি বেসরকারি হাসপাতালের ম্যানেজার (এডমিন) মহিদুল হক মিঠু। নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। অতিরিক্ত যাত্রী বোঝাই করে বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে মনে করছে প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ যাত্রীর সহকর্মীরা জানায়, রোববার রাত সোয়া ১১টার দিকে রূপসা নদীর পূর্ব পাড়ে এ দুর্ঘটনা হয়। ট্রলারটি পশ্চিম পাশে খুলনা শহরের ঘাট থেকে পূর্ব পাড়ে রূপসা উপজেলার ঘাটে যাত্রী পারাপার করছিল। অতিরিক্ত ৪০-৫০ জন যাত্রী নিয়ে ঘাট পার হচ্ছিলো মিঠু। পাশাপাশি ট্রলারটির গতিও ছিল বেশি। এ সময় তিনি ঘাঁটে বাঁধা অন্য ট্রলারের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এ সময় তিনজন যাত্রী পড়ে যায়। পরে একজন উঠতে পারলেও দুজন তলিয়ে যায়। তারা এখনও নিখোঁজ।
নৌ পুলিশ রূপসার ইন্সপেক্টর আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ড, নৌবাহিনী ও তাদের টিম কাজ করছে।”
এর আগে ২৩ জুলাই রাত পৌঁনে ৯ টার দিকে অতিরিক্ত যাত্রী বোঝাই এর কারণে ট্রলার থেকে পরে চার থেকে পাঁচ বছরের এক শিশু মারা যায়।
এমএআর/
