আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির প্রতি সব দলের অঙ্গীকার, আর নির্বাচন কমিশনও জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সিইসি এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা—সব রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আচরণবিধি মেনে চলবে।
সিইসি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, আর এর প্রধান শর্ত আচরণবিধি প্রতিপালন। তিনি উল্লেখ করেন, নির্বাচন সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। দলগুলো যদি আন্তরিকভাবে কাজ করে, তাহলে নির্বাচন কমিশনকে অতিরিক্ত চাপ নিতে হয় না।
ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি। তিনি আশা প্রকাশ করেন, সব দল নিজস্ব কর্মীদের মাধ্যমে ভোটারদের কেন্দ্রে যেতে উৎসাহিত করবে।
টিএইচএ/
