পাকিস্তানের ফয়সালাবাদে একটি কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত অন্তত সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২১ নভেম্বর) ভোরে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় একটি আঠা তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের ফলে ভবনটি ধসে পড়ে এবং আশেপাশের কাঠামোর ব্যাপক ক্ষতি হয়।
কমিশনারের অফিসের বিবৃতিতে বলা হয়েছে যে কারখানায় কোনো বয়লার ছিল না। মালিকপুর এলাকায় চারটি কারখানা চালু ছিল। গ্যাস লিকেজ হওয়ার কারণে একটি কারখানায় আগুন লেগেছে এবং অন্যান্য কারখানাগুলোতে তা ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণস্থলে ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: জিও নিউজ।
এআইএল/
