ডেস্ক রিপোর্ট:
ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণের দাবিতে আজ সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘বরিশালস্থ ভোলাবাসী’ ব্যানারে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীদের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ভোলা নিবাসী বিএম কলেজ শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বলেন, “ভোলা দেশের অন্যতম বৃহৎ দ্বীপ জেলা হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত নদীপথের ওপর নির্ভর করতে হয়। দুর্যোগকালীন কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে। একটি সেতু নির্মিত হলে এসব ভোগান্তি দূর হবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।”
ভোলার বাসিন্দা বিএম কলেজ শিক্ষার্থী কামরুল আহসান বলেন, “৫৬ লাখ কোটি টাকার খনিজ সম্পদ মজুত রয়েছে ভোলায়। আমার সম্পদের কিঞ্চিৎ দিয়ে ভোলাবাসীর দাবি আদায় করা হোক। আমরা সরকারের টাকা চাচ্ছি না। আমাদের টাকা দিয়ে আমাদের একটা সেতু নির্মাণের দাবি জানচ্ছি।”
ভোলার বাসিন্দা হান্নান উদ্দীন শাকিল বলেন, “দীর্ঘদিনের দাবি আদায়ে আমরা রাজপথে নেমেছি। এবার আমাদের ন্যায্য দাবি আদায় করেই আমরা বাড়ি ফিরব।”
বহু বছর ধরে আলোচনায় থাকলেও এখনো সেতু নির্মাণের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বলেও অভিযোগ করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এই সেতু নির্মাণে সরকারকে জরুরিভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এমএআর/
