ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় রক্ষিত দুটি ভল্ট ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করে ভল্ট দুটি খোলা হয়।
সিআইসির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ৭৫১ ও ৭৫৩ নম্বর ভল্ট খুলে মোট ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। তিনি বলেন,
“বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিধি-বিধান মেনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”
এর আগে গত ১৭ সেপ্টেম্বর গোপন তথ্যের ভিত্তিতে দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় অভিযান চালিয়ে লকার দুটি জব্দ করে সিআইসি। এনবিআর সূত্র জানায়, কর ফাঁকি ও আর্থিক অনিয়মের সন্দেহে লকার দুটি জব্দ করা হয়।
একই দিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত আরেকটি ভল্টও খোলা হয়। তবে সেখানে কোনো স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিসপত্র মেলেনি, বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
গত ১০ সেপ্টেম্বর এনবিআরের গোয়েন্দারা সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার একটি লকার (নম্বর ১২৮) জব্দ করে। ওইদিন একই শাখায় তার দুটি ব্যাংক হিসাবও পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে প্রায় ১২ লাখ টাকা স্থায়ী আমানত (এফডিআর) এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা জমা ছিল।
টিএইচএ/
