ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ক্রমবর্ধমান মুসলিম নিপীড়নের আরও একটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের একটি এলাকায় ৩ মুসলিম ছাত্রকে জনসমক্ষে অপমানিত করা হয়েছে এবং একটি মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে বাধ্য করা হয়েছে।
সম্প্রতি স্কুলের নির্জন একটি কক্ষে ভুক্তভোগী মুসলিম শিক্ষার্থীদের নামাজ আদায় করার ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার পরই এমন ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম নিজেদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানা যায়, নির্জন একটি শ্রেণীকক্ষে নামাজ আদায় করার একটি ক্লিপ ভাইরাল হওয়ার পর বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা স্থানীয় আইডিয়াল কলেজে ঢুকে পড়ে এবং ছাত্রদের ক্ষমা চাইতে এবং ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করে। এ সময় পুলিশ সদস্যরা সেখানে নীরবে দাঁড়িয়ে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আতঙ্কিত শিক্ষার্থীদের ঘিরে ধরে উগ্রপন্থি হিন্দুরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে। এ সময় তাদেরকে হুমকি দেওয়া হয় এবং মূর্তির সামনে মাথানত করতে বাধ্য করা হয়।
স্থানীয় মুসলিমরা বলেছেন, এ ঘটনা বিজেপি-শাসিত রাজ্যগুলোতে হয়রানির একটি ক্রমবর্ধমান ধারাকে প্রতিফলিত করে। এসব রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো কোনোরকম অভিযোগ ও বাছবিচার ছাড়াই নিপীড়ন চালাচ্ছে এবং পুলিশ সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।
এআইএল/
