নিজস্ব প্রতিবেদক:
আজ (শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫) বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলার বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানা গেছে এবং তার রোগমুক্তির জন্য দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল।অন্যদিকে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের উদ্যোগে সোনারগাঁওয়ের বিভিন্ন মসজিদে, বিশেষ করে বারদী কেন্দ্রীয় মসজিদে, জুমার নামাজের পর দোয়ার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের বাসভবনেও কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছিল। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব দোয়া মাহফিলে অংশ নেন এবং দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, “বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। তার বুকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যা হৃদপিণ্ড ও ফুসফুসকে আক্রান্ত করেছে। দেশি-বিদেশি চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এমএআর/
