হঠাৎ করেই পেঁয়াজের বাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে গেছে ৩০ থেকে ৩৫ টাকা। শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ১৩৮ থেকে ১৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরা বাজারে তা ১৬০ টাকা পর্যন্ত উঠেছে।
শুক্রবার রাজধানীর রায়ের বাজার সাদেক খান কৃষি বাজার, ধানমন্ডি ও মোহাম্মদপুর টাউন হল এলাকার পাইকারি ও খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। রায়ের বাজারের আড়তদার রফিক মিয়া বলেন, “আজ দেশি ছোট পেঁয়াজ ১৩৮ টাকা আর বড়টা ১৪৫ টাকা কেজি বিক্রি করছি। গত দুই দিন ধরে দাম অনেক বেশি।”
তিনি জানান, বুধবারও একই পেঁয়াজ ১১০–১১৫ টাকা দরে বিক্রি হয়েছিল। আরেক আড়তদার নাম প্রকাশ না করার শর্তে জানান, পাইকারি হাটে প্রতি মণ পেঁয়াজ ৫,৮০০ থেকে ৬,০০০ টাকা দরে বিক্রি হচ্ছে; ফলে আগামীকাল দাম আরও বাড়তে পারে।
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটের কারণেই পুরোনো দেশি পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। পাইকারি দাম বেশি হওয়ায় খুচরা পর্যায়েও দাম ধরে রাখতে হচ্ছে।
তাদের দাবি, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়া গেলে বাজার দ্রুত স্থিতিশীল হবে। আড়তদারদের বক্তব্য, ভারত ইতোমধ্যেই বন্দর এলাকায় আমদানিযোগ্য পেঁয়াজ মজুত রেখেছে; অনুমতি মিললেই সরবরাহ বাড়বে।
মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিক্রেতা আমজাদ হোসেন জানান, “নতুন পেঁয়াজ এখনও বাজারে আসেনি। যে দেশি পেঁয়াজ আসছে, তার মানও ভালো নয়। সরবরাহ কমে যাওয়ায় পাইকারি পর্যায়ে দু–তিন দিন ধরেই দাম বাড়ছে। নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।”
অন্যদিকে, পেঁয়াজের খুচরা ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। মঞ্জুরুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, “গত সপ্তাহে ১১৫ টাকায় কিনেছি, আজ একই পেঁয়াজ কিনতে ১৫৫ টাকা লাগছে। সরকারের নজর দেওয়া দরকার। ভারত থেকে পেঁয়াজ আমদানি করলে দাম কমবে।”
জানা গেছে, বাজারের অস্থিরতা ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয় ৫০০ টন পেঁয়াজ আমদানির প্রস্তাব দিয়েছিল। কিন্তু কৃষি মন্ত্রণালয় তা নাকচ করে জানায়, নভেম্বরের মাঝামাঝি থেকেই দেশি নতুন পেঁয়াজ বাজারে আসবে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় আবারও দামে অস্থিরতা সৃষ্টি হয়েছে।
এদিকে বাজারে পাতাসহ নতুন পেঁয়াজ অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে ৭০–৮০ টাকা কেজি দরে। তবে পুরোনো দেশি পেঁয়াজের দামই বেশি চড়েছে—ক্রেতাদের ১৫০–১৬০ টাকা পর্যন্ত দিয়ে কিনতে হচ্ছে।
টিএইচএ/
