গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ‘নৃশংস গণহত্যা’ সংঘটিত হচ্ছে এবং এতে বহু রাষ্ট্রের যোগসাজশ রয়েছে— এমন অভিযোগ তুলেছেন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের জন্য নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।
সোমবার (৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
দোহা ফোরামে অংশ নিয়ে আলবানিজ জানান, গাজার বেসামরিক জনগণ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক বহুপাক্ষিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইলে সংশ্লিষ্ট দেশগুলোকে দ্রুত নতুন আন্তর্জাতিক জোট গঠন করতে হবে এবং সহিংসতা থামাতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
অক্টোবর মাসে প্রকাশিত তার রিপোর্ট ‘গাজা গণহত্যা: একটি যৌথ অপরাধ’–এ আলবানিজ উল্লেখ করেন, কিছু রাষ্ট্র ইসরায়েলকে আর্থিক সহায়তা ও কূটনৈতিক সুরক্ষা প্রদান করেছে; এমনকি কিছু ক্ষেত্রে তারা অভিযানে সক্রিয় অংশগ্রহণ করেছে বলেও দাবি করেন তিনি।
বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাব মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার অবরোধ ও অভিযানে ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলাটি এখনো চলমান।
যুদ্ধবিরতি নিয়ে দুই মাস আগে চুক্তি হলেও ইসরায়েল এখনো ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: টিআরটি গ্লোবাল।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
