কিউবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, দেশটির সাবেক অর্থমন্ত্রী আলেহান্দ্রো গিল ফার্নান্দেসকে গুপ্তচরবৃত্তির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কোনও সাবেক শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এটি সবচেয়ে উল্লেখযোগ্য মামলা বলে বিবেচিত হচ্ছে।
সোমবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে সুপ্রিম পপুলার ট্রাইব্যুনাল জানায়, ফার্নান্দেসকে পৃথক আরেকটি মামলায় ঘুষ গ্রহণ, নথি জালিয়াতি এবং কর ফাঁকিসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করে অতিরিক্ত ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি কিউবার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেলের ঘনিষ্ঠ সহযোগীদের একজন হিসেবে পরিচিত ছিলেন। ২০১৯ সালে তাকে উপ-প্রধানমন্ত্রী পদেও নিয়োগ দেওয়া হয়।
বরখাস্ত হওয়ার কয়েক সপ্তাহ পর কিউবার প্রেসিডেন্ট জানান, গিল ‘গুরুতর ভুল’ করেছেন, তবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সর্বোচ্চ আদালতও রায়ে উল্লেখ করেনি যে ফার্নান্দেস ঠিক কী ধরনের গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিলেন বা তিনি কার হয়ে কাজ করছিলেন।
এদিকে এপি জানিয়েছে, তারা ফার্নান্দেস বা তার কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি।
সূত্র: টিআরটি গ্লোবাল।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
