জেরুজালেম প্রশাসন জানিয়েছে, প্রায় ২০০ জন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী ইসরায়েলি পুলিশের সুরক্ষায় অধিকৃত পূর্ব জেরুজালেমের মসজিদুল আকসার প্রাঙ্গণে ঢুকে পড়ে।
এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ১৮২ জন বসতি স্থাপনকারী সকাল ও সন্ধ্যায় দুই দফায় জোরপূর্বক পবিত্র স্থানটিতে প্রবেশ করে এবং কুব্বাতুস-সাখরার (গম্বুজে সাখরা) নিকটে তলমুদ ধর্মীয় আচার পালন করে।
প্রশাসন আরও জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত এক গেট দিয়ে ৭৭৮ জন বিদেশি পর্যটকও ওই কমপ্লেক্সে প্রবেশ করেছে।
সরকারি পরিসংখ্যান অনুসারে, কেবল নভেম্বর মাসেই প্রায় ৪,২৬৬ জন ইহুদি বসতি স্থাপনকারী এবং ১৫ হাজার বিদেশি পর্যটক আকসা কমপাউন্ডে প্রবেশ করেছে।
উল্লেখ্য, মসজিদুল আকসা মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম ধর্মীয়স্থান।
ইসরায়েল ১৯৬৭ সালের আরব–ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে, যেখানে মসজিদুল আকসা অবস্থিত। পরে ১৯৮০ সালে ইসরায়েল শহরটি আনুষ্ঠানিকভাবে সংযুক্তির ঘোষণা দেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।
সূত্র: টিআরটি গ্লোবাল।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
