আলোচিত ৪টি খুনের মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না। জামিনের খবরটি জানাজানি হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সাজ্জাদ ১০টি খুনসহ ১৯ মামলার আসামি। চট্টগ্রামে জোড়া খুন, প্রকাশ্যে সন্ত্রাসী বাবলার আলোচিত খুনও রয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধেও রয়েছে একাধিক খুনসহ ৮টি মামলা।
সূত্র জানায়, অত্যন্ত গোপনে হাইকোর্ট থেকে এক সপ্তাহের ব্যবধানে ২ দিনে চাঞ্চল্যকর ৪টি খুনের মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না। ৩ মাস আগে জামিন পেলেও সঙ্গে সঙ্গে জামিননামা চট্টগ্রাম আদালত কিংবা কারাগারে পাঠানো হয়নি। উল্টো পদে পদে জামিন নিয়ে লুকোচুরির কৌশল অবলম্বন করা হয়।
পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের থেকে জামিনের বিষয়টি আড়ালে রাখতে পদে পদে কৌশলেরও আশ্রয় নেওয়া হয়েছে। জামিন পেতে হাইকোর্টে নারী হিসেবে সহানুভূতি পেতে ৪টি মামলাতেই তামান্নার নাম রাখা হয় ১ নম্বরে। সাজ্জাদের নাম ছিল আবেদনের ২ ও ৩ নম্বরে।
জানা গেছে, ৪টি মামলাতেই সাজ্জাদ ও তামান্নাকে জামিন দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের দ্বৈত বেঞ্চ। ১৫ ও ২২ সেপ্টেম্বর জামিন হলেও হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার মো. ইউসুফ আলী যথাক্রমে ১৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর স্বাক্ষর করেন। সেই জামিন নির্দেশ চট্টগ্রাম আদালতে এসে পৌঁছে প্রায় আড়াই মাস পর গত ৮ ডিসেম্বর।
এআইএল/
