রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় তারা দেশের কৃতী সন্তানদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, আহত বীর মুক্তিযোদ্ধা এবং শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতিকে মেধাশূন্য করতে এ দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে।
সেদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী ও লেখকসহ দুই শতাধিক কৃতী সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়।
টিএইচএ/
