রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং নিয়ে সারাদেশে যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে, তার পেছনের মূল কারণ চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মামুনুল হক।
এক বিবৃতিতে তিনি বলেন, কিশোররা মায়ের পেট থেকেই গ্যাং সদস্য বা সন্ত্রাসী হয়ে জন্ম নেয় না। অযত্ন, অবহেলা ও সমাজের দায়িত্বহীনতার মধ্য দিয়ে বেড়ে উঠতে উঠতেই তারা একসময় সন্ত্রাসের অন্ধকার পথে হারিয়ে যায়। প্রশ্ন হলো—কারা তাদের সেই অন্ধকার পথে পরিচালিত করল?
মাওলানা মামুনুল হক বলেন, যারা কিশোরদের ব্যবহার করে চাঁদাবাজি, জুলুম ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে, প্রকৃতপক্ষে তারাই এই সন্ত্রাসের মূল হোতা। এসব অপরাধের মাধ্যমে কিশোরদের সামনে রেখে পেছন থেকে কমিশন খাচ্ছে এক শ্রেণির মুখোশধারী সমাজপতি। কিন্তু সমাজ শুধু কিশোরদেরই দেখছে, কমিশনখোরদের দেখছে না।
তিনি আরও বলেন, এই মুখোশধারীরা স্যুট-টাই পরে নিজেদের জনদরদী ও সমাজের অভিভাবক হিসেবে জাতির সামনে উপস্থাপন করছে। যতক্ষণ পর্যন্ত এই সমাজপতিদের চিহ্নিত করা না যাবে এবং তাদের হাত থেকে সমাজের নেতৃত্ব কেড়ে নেওয়া না হবে, ততক্ষণ যুব সমাজকে রক্ষা করা সম্ভব নয়।
কিশোর গ্যাং সমস্যা সমাধানে অপরাধীদের পেছনের নেপথ্য কারিগরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
হাআমা/
