ফতুল্লায় ফেরিতে ট্রাকের ধাক্কায় নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

by Abid

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর মাঝখানে চলন্ত একটি ফেরিতে ট্রাকের ধাক্কায় পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়। এ ঘটনায় তিনজন নিখোঁজ হন এবং পরে রাতেই তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— প্রবাসী মাসুদ রানা, ভ্যানচালক স্বাধীন ও মোটরসাইকেল আরোহী গার্মেন্টস শ্রমিক রফিক।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লা ঘাট থেকে বক্তাবলী ঘাটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই দুইজন নিখোঁজের খবর পাওয়া যায়। পরে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে গার্মেন্টস শ্রমিক রফিকের মৃত্যু হয়।

বিজ্ঞাপন
banner

নিহত রফিকের স্ত্রী পিংকি জানান, তারা ফতুল্লার ভোলাইল এলাকা থেকে মোটরসাইকেলে করে দুই শিশু সন্তানসহ বক্তাবলীতে তার বাবার বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরির ভেতরে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ও দুই সন্তান ফেরির ভেতরে পড়ে গেলেও রফিক ট্রাকসহ নদীতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, নিহত প্রবাসী মাসুদ রানার মা পারভিন আক্তার বলেন, প্রায় ২৫ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন তার ছেলে। দেশে এসে তিনি ড্রাইভিং শেখা শুরু করেন। শনিবার রাতে প্রশিক্ষণ শেষে ফেরিতে ওঠার আগে স্ত্রীকে ফোন করে বাসায় ফেরার কথা জানান। পরে দুর্ঘটনার খবর পান। রাত দেড়টার দিকে নদী থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, যানবাহন বোঝাই একটি ফেরি মাঝনদীতে পৌঁছানোর পর একটি ট্রাক হঠাৎ চালু হয়ে সামনে এগিয়ে যায়। এতে দুটি ইজিবাইক, একটি ভ্যান ও একটি মোটরসাইকেলসহ ট্রাকটি নদীতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রফিককে উদ্ধার করা হলেও তিনি মারা যান। পরে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ অভিযানে রাত দেড়টার দিকে মাসুদ রানা ও স্বাধীন নামে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় নদীতে পড়ে যাওয়া যানবাহন উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222