কামরাঙ্গীরচরে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র মান্য না করা ও অন্য গলিতে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে রোমান (১৫) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় সে বর্তমানে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকার ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার সময় ভুক্তভোগী রোমান তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় সাইফুল ইসলাম সাগর (১৯) সেখানে এসে রোমানকে উদ্দেশ্য করে ‘সিনিয়র মান্য না করা’ এবং অন্য গলিতে আড্ডা দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সাগর তার হাতে থাকা ছুরি দিয়ে রোমানের পেটে একাধিকবার আঘাত করে। এছাড়া ডান হাতের বাহু, বাম কবজি ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি জানান, গুরুতর আহত রোমান দুই হাত দিয়ে পেট চেপে ধরলে সাগর তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে রোমানকে কামরাঙ্গীরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করে তার পিঠ থেকে ছুরিটি বের করা হয়। তবে ২০ ডিসেম্বর রাতে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। এরপর তাকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওসি গোলাম ফারুক আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগী রোমানের বাবা জালাল ফকির বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম সাগরকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতার সাগর কামরাঙ্গীরচরের সান লাইট কিন্ডার গার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা পেশায় একজন রিকশাচালক।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222