দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে অবশেষে দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। তাকে বহনকারী বিমান ইতোমধ্যেই আকাশে উড্ডয়ন করেছে।
বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার পর বাংলাদেশ বিমানের বিজি-২০২ নম্বর ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। ওই ফ্লাইটেই তারেক রহমান সপরিবারে দেশে ফিরছেন।
তার এই দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ ও আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস ও প্রস্তুতি।
এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে তিনি লন্ডনের বাসভবন থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। পরিবার ছাড়াও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী ও সফরসঙ্গী তার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছেন।
টিএইচএ/
