ডেস্ক রিপোর্ট:
ঝালকাঠির রাজাপুরে ৫০০ টাকার বাজি ধরে কনকনে শীতে খালে শতাধিক ডুব দিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
স্থানীয় ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, শীতের সকালে পরিশ্রমের কারণে তার শরীর গরম হয়ে গেলে বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে তিনি ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে ১০০ বার ডুব দেওয়ার বাজি ধরেন। পরে খালি গায়ে খালে নেমে একটানা ১১২ বার ডুব দেন তিনি। এ সময় খালের দুই পাশে থাকা লোকজনকে ভিডিও করতে নিষেধ করেন বাবুল মোল্লা। ডুব দেওয়া শেষ করে খালের পাড়ে উঠে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তার অবস্থার অবনতি ঘটে। স্বজনরা তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ দেওয়াসহ তেল গরম করে দেওয়ার চেষ্টা করেন। এরপর তাকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এমএআর/
