বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ছাড়াও র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছেন। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্মৃতিসৌধের ভেতর ও বাইরে অবস্থান নিয়ে পুরো এলাকাজুড়ে নজরদারি জোরদার করেন। স্মৃতিসৌধের প্রধান ফটকসহ আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনী।
এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে শুরু করেছেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের একাধিক স্থান থেকে মিছিলসহকারে স্লোগান দিতে দিতে স্মৃতিসৌধের দিকে অগ্রসর হতে থাকেন।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, সকাল থেকেই স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, দুপুরের পর চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) স্মৃতিসৌধের নিরাপত্তার দায়িত্ব নেবে। তারেক রহমান স্মৃতিসৌধ ত্যাগ করার পর সাধারণ মানুষের জন্য পুনরায় প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হবে।
টিএইচএ/
