জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা নির্ধারিত পাস কার্ড দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।
সকাল সাড়ে ৮টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটার শিক্ষার্থীদের জন্য আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। ভোট প্রদানকারী শিক্ষার্থীরা কেবল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন এবং ভোট শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হবেন।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের আগেই শুধুমাত্র ২ নম্বর গেট ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশ করবেন। কর্মকর্তা ও কর্মচারীদের আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাসের বাইরে যাতায়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংক গেট ও পোগোজ স্কুল গেট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালীন সময়ে ক্যাম্পাসে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত একটি মেডিকেল টিম ক্যাম্পাসে অবস্থান করবে। পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নেই—এমন সব কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
টিএইচএ/
