বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। এ অবস্থায় দ্রুত চিকিৎসার প্রয়োজনে নিকটস্থ লাহোর বিমানবন্দরে জরুরি অবতরণ করার নির্দেশ দেওয়া হয় পাইলটকে। কিন্তু সেই নির্দেশ না মেনে ফ্লাইট নিয়ে ঢাকায় ফিরে আসেন পাইলট। এতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। আর ততক্ষণে বিমানেই মারা যান ওই যাত্রী।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী ফ্লাইটে গত ৩১ ডিসেম্বর ঘটে মর্মান্তিক এ ঘটনা। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০১। হঠাৎ বিমানে থাকা এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ততক্ষণে ফ্লাইটটির অবস্থান লাহোরে।
কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলে কাছাকাছি কোনো বিমান বন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয় পাইলটকে। কিন্তু নির্দেশ অমান্য করে পাইলট পাকিস্তানের আকাশসীমা থেকে ঢাকায় ফেরত আসেন। এতে সময় লাগে প্রায় ৩ ঘণ্টা। দীর্ঘসময়ে চিকিৎসা না পাওয়ায় বিমানেই মারা যান ওই যাত্রী। পরে আবহাওয়াজনিত কারণে ওই দিন আর লন্ডনে যেতে পারেনি বিমানটি। এতে দুর্ভোগে পড়েন অন্য যাত্রীরাও।
এআইএল/
