কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নুর কামাল (২৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়। নিহত নুর কামাল নয়াপাড়া ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার (এডিআইজি)।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নুর কামাল গ্রুপ ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নুর কামাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এপিবিএন অধিনায়ক আরও বলেন, নিহত নুর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তিনি নিজের নামে একটি বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কাউছার সিকদার। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
টিএইচএ/
