জামালপুরে নিখোঁজ অটোচালকের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার

by Abid

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের ইসলামপুরে একটি ভুট্টা ক্ষেত থেকে জুয়েল শেখ (৩০) নামে এক নিখোঁজ অটোচালকের হাত-পা বাঁধা ও মুখ টেপ দিয়ে আটকানো বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার আমতলী বাজার সংলগ্ন পল্টন এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুয়েল মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের আবু হানিফ ও আভিজা বেগমের ছেলে।

বিজ্ঞাপন
banner

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে জুয়েল শেখ তার অটোরিকশা নিয়ে যাত্রীসহ মেলান্দহ পূর্ব শ্যামপুর এলাকা থেকে শিমুলতলীর উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন পল্টন এলাকার একটি ভুট্টা ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ পোষণ করেন। পরে বস্তার মুখ খুলে ভেতরে হাত-পা বাঁধা এবং মুখে টেপ লাগানো অবস্থায় একজনের লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে।

নিহতের স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা জুয়েলকে নৃশংসভাবে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে এবং প্রমাণ লোপাটের জন্য লাশ বস্তাবন্দি করে নির্জন স্থানে ফেলে রেখে গেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222