বাড়িতে মজুত করা সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মাইকিং করে খুচরা বিক্রি

by Fatih Work

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে অবৈধভাবে মজুত করে রাখা ৫ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করার পর মাইকিং করে সাধারণ মানুষের কাছে খুচরা মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বাড়ির সামনেই এই তেল বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয় সাধারণ গ্রাহকদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন
banner

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যম কাদরা এলাকার ব্যবসায়ী ইশতিয়াক ভুঁইয়া খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার আশায় বিপুল পরিমাণ জ্বালানি তেল নিজের বাড়িতে মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম। অভিযানে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ড্রামভর্তি অবস্থায় অবৈধভাবে মজুত করা ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, অনুমোদনহীনভাবে ও জনস্বার্থ ক্ষুণ্ণ করে তেল মজুত রাখায় অভিযুক্ত ব্যবসায়ী ইশতিয়াক ভুঁইয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে জব্দকৃত তেলগুলো বুধবার সকালে প্রকাশ্য বাজারে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

সেই নির্দেশনা অনুযায়ী আজ সকালে মাইকিং করে সাধারণ জনগণের হাতে এসব জ্বালানি তেল তুলে দেওয়া হয়। বাজার স্থিতিশীল রাখতে এবং মজুতদারি রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222