লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২৮) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার ধবলসুতি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিক্রিয়ায় উত্তেজিত এলাকাবাসী দুইাট গরুসহ শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের মফিজুল ইসলামের ছেলে মিজানুর রহমান সীমান্ত পিলার ৮২৬/১-এস এর কাছাকাছি ভারতের অভ্যন্তরে গাটিয়ার ভিটা এলাকায় ঘাস কাটতে যান। এ সময় বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে আকস্মিক গুলি ছোড়ে। এতে মিজানুর রহমানের কাঁধে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশ সীমানায় ফিরে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় সীমান্ত সংলগ্ন গ্রামবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা ওই এলাকায় অবস্থানরত শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে আসে। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর পরপরই স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে গরুসহ আটক করে। আটককৃত ওই ভারতীয় নাগরিক ও গরুগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে বলে জানা গেছে। সীমান্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
টিএইচএ/
