দীর্ঘ সময় পর নিজের স্বাভাবিক ও প্রিয় পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই মিডফিল্ডারের নেতৃত্ব ও দাপুটে খেলায় শেল্টেনহাম টাউনকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে লেস্টার সিটি।
শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথমার্ধেই জয় নিশ্চিত করে নেয় লেস্টার। ম্যাচের ২৩ মিনিটে জাম্বিয়ান ফরোয়ার্ড প্যাটসন ডাকা গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ান স্টেফি মাভিডিডি। শেষ পর্যন্ত এই দুই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে মার্টি সিফুয়েন্তেসের শিষ্যরা।
এই ম্যাচে লেস্টার সিটির অধিনায়কত্ব করেন হামজা চৌধুরী। প্রতিপক্ষের মাঠে শুরুর একাদশে জায়গা পাওয়া এই বাংলাদেশি ফুটবলার পুরো ৯০ মিনিট খেলেন। মাঝমাঠ থেকে খেলায় নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি তিনি গোলের লক্ষ্যে দুটি শট নেন।
পরিসংখ্যানেও ছিল হামজার আধিপত্য। ম্যাচে তিনি রেকর্ড ৯৫ বার বল স্পর্শ করেন এবং প্রতিপক্ষের বক্সে ১১টি বল সরবরাহ করেন। রক্ষণভাগে তিনটি ট্যাকল, দুটি বল রিকভারি এবং একটি গুরুত্বপূর্ণ শট ব্লক করে শেল্টেনহামের আক্রমণভাগকে থামান তিনি। এছাড়া দুইবার সফল ড্রিবলিংয়ের পাশাপাশি ম্যাচে সর্বোচ্চ তিনবার ফাউলের শিকার হন এই মিডফিল্ডার।
এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টারের প্রতিপক্ষ কোন দল হবে, তা নির্ধারিত হবে সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে।
টিএইচএ/
